রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৯ নেতা-কর্মীসহ মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগ ১১৭ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গুলশান বিভাগ ৪১ জন এবং রমনা বিভাগ ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও এক লিটার কাঁচা পেট্রোল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র, ৫২২টি ইয়াবা ট্যাবলেট এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করার কথাও জানিয়েছে পুলিশ।