শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুর শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা অংশে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। মিছিল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মী ও শিবচরের কুতুবপুর এলাকার নিজামউদ্দিন মৃধাসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হয়েছিলেন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মিছিল থেকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাভ্যালি রেস্টুরেন্ট, বিএনপির অস্থায়ী প্যান্ডেল ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর মোড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজামউদ্দিনের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, “আমরা আমাদের একজন ভাইকে হারালাম। শিবচর উপজেলা হারাল একজন স্বার্থহীন বীরযোদ্ধাকে।”
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, “দুইজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুইজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনতে পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”