আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে না করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৯ নভেম্বর) সকালে যৌথ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
রিজভী আরও বলেন, “গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পূর্ব দিকে পল্টন থানা অতিক্রম করার পর পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ স্থাপন করা হবে। মঞ্চটি বিজয়নগরের দিকে মুখ করে তৈরি করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে জানতে চাইলে রিজভী বলেন, “দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো বেআইনি সংগঠন কিছু বলল, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক। কোনো লকডাউন নেই। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না।”
রিজভী বলেন, “বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাহিনীগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।”
রিজভী বলেন, “আজও পরাজিত শক্তি নানাভাবে, নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ করছে, তারা পেট্রোল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনাগুলোতে আগুন দিচ্ছে এবং নানাভাবে তারা মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ, এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে। কিন্তু আমি তারপরেও বলব যে সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আরও তৎপরতা দেখাতে হবে। তাদেরকে আরও সক্রিয় হতে হবে।”
সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছেন বলে জানান রিজভী। তিনি বলেন, “বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকেই ব্যবস্থা নিতে হবে। শান্তিপ্রিয় মানুষ যেন নিরাপত্তা বোধ করে, সে দায়িত্ব সরকারের।”



