গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জ, মোল্লাহাট, ভাঙা ও টেকেরহাটে আন্দোলন চলার কারণে এ রুটগুলো বন্ধ রয়েছে।
পদ্মাসেতু হয়ে পরিবহন চলাচল করতে না পারা দক্ষিণের ২১ জেলা হচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুস্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা ও পটুয়াখালী।
বিকল্প রুট যশোর, মাগুরা, আরিচা পাটুরিয়া হয়ে ১১টি জেলার কিছু পরিবহন ঢাকা পর্যন্ত চলাচল করছে ২৯ নভেম্বর সকাল থেকে। ১১টি জেলা হচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, কুস্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ি।
গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক বন্ধ, ভাঙা, মোল্লহাট, টেকেরহাটে সক্রিয় আন্দোলন চলছে। কোথাও গাছের গুড়ি ফেলে রেখে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। গত ১৮ নভেম্বর দুপুরে কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের পরও পরিবহন চলাচল বন্ধ ছিল।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ‘‘২৮ নভেম্বর থেকে দ্বিতীয় আন্দোলনের কারণে ওই দিন বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল বন্ধ করেন মালিকরা। ২৯ নভেম্বর থেকে যশোর আরিচা পাটুরিয়ার আগের রুটেই খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের সকল পরিবহন চলাচল শুরু হয়। ২৯ নভেম্বর আন্দোলন বেগবান হওয়ায় দক্ষিণের ২১ জেলার কোন পরিবহনই গোপালগঞ্জ পদ্মাসেতু সেতু চলাচল করতে পারছে না।’’
এর আগে ১৮ নভেম্বরের ঘটনার পরও গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ হয়েছিল। ১৯ নভেম্বর দুপুরে সিদ্ধান্ত নিয়ে বিকল্প হিসেবে যশোর আরিচা পাটুরিয়া হয়ে ঢাকা চলাচল করেছিল পরিবহন।