স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১১ দফা নির্দেশনা মেনে না চললে প্রয়োজন হবে লকডাউনের। আর নির্দেশনাগুলো ঠিকভাবে মেনে চললে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না।”
শনিবার (১৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লকডাউন দেওয়া মানে দেশের ও অর্থনীতির মারাত্মক ক্ষতি মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনাভাইরাস দ্রুত সংক্রমিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একদিনে ৪,৪০০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৩% ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩% হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।”
স্বাস্থ্যমন্ত্রী সবাইকে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “দেশে টিকার কোনো ঘাটতি নেই। এখন পর্যন্ত সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে। সবাইকে টিকা নিতে হবে।”
মন্ত্রী আরও বলেন, “প্রতিটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও দশ বেডের ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে।”
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লা, সিভিল সার্জন মোজাজ্জেম হোসেন খান, পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী একেএম রাসেল প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।