ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এজিএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, “সম্রাটকে সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।”
এর আগে গত ১৬ মে দুর্নীতি মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন।
শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।
উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
- সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন
- বিএসএমএমইউ পরিচালক: সম্রাটের উন্নত চিকিৎসা প্রয়োজন
- সব মামলায় জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই
২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলা এবং একটি মাদক মামলাও হয়।
মোট চার মামলায় জামিন পেয়ে গত ১১ মে কারামুক্ত হন সম্রাট।তবে অসুস্থ থাকায় এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।