দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। একইসঙ্গে চিকিৎসা করাতে এক মাসের জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সম্রাটের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম এ আদেশ দেন।
বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৬ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া সময়ের আবেদনের পর আগামী ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত। সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।



