অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন।
এদিন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক সম্রাট আদালতে হাজিরা দেন। তার পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের করা এই মামলায় গত বছরের ২২ আগস্ট একই আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সম্রাট। তার আগে সম্রাট তার বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলায় জামিন পান।



