কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। 

নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২। তৃতীয় লিঙ্গের ভোটার দু'জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। এখানে সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রার্থী লড়াই করছেন।

এদিকে, সুষ্ঠু ভোটের জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানিয়েছে। ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্য। 

প্রায় দুই সপ্তাহের পাল্টাপাল্টি অভিযোগের পর সোমবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনী প্রচারণা। গত ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুরু হয় নির্বাচনী প্রচার। শেষ সময়ে এসে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণায় ভোটের মাঠ সরগরম ছিল।