জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ সর্বস্তরের সাধারণ মানুষ। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়। জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। তিনি নামাজে পূর্বে বয়ানে জাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরেন। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের নামাজ পড়‌তে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহ ময়দানে  প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়।