কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসান (২৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বন্ধুরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় পান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রানার লাশ উদ্ধারকারী সহপাঠী বন্ধু ইমরান হোসেন বাবু জানান, রানা ইসলামের ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

বাবু আরও বলেন, “কয়েক দিন যাবত রানার খু্ব মন খারাপ ছিল। একাকী থাকতে চাইতো। চুপচাপ থাকতো। তবে কী চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু, তুমি কিছুদিনের জন্য কক্সবাজার ঘুরে আসো।”

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রানার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।