সাক্কু: ইভিএম মেশিনগুলো সমস্যা করছে

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন , ইভিএম মেশিনে সমস্যা করছে। মেশিনে টিপ দিলে ছবি (প্রতীকের) উঠছে না। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল হক সাক্কু বলেন, “ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন। তবে ইভিএম মেশিনগুলো সমস্যা করছে।'

তিনি আরও বলেন, “ভোট সুষ্ঠুভাবে হলে আমি জয়ী হবো। তবে ফলাফল যা হবে তাই মেনে নেব।”

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইলেকট্রনি ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হচ্ছে।

এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।