ফায়ার সার্ভিস: বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস অ্যালার্ম

ঢাকার মতিঝিলের বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বেজে ওঠার সংবাদ পেয়েছিল ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিল চারটি ইউনিট। তবে সেটি ফলস অ্যালার্ম ছিল বলে জানা গেছে। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক গোলোযোগের কারণে ফায়ার এলার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া শাজাহান শিকদার বলেন, “কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংক থেকে ফায়ার সার্ভিসের জরুরি নম্বরে একটি ফোন আসে। আগুন লেগেছে এমন একটি সংবাদ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট পাঠাই। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস জানতে পারে, কে বা কারা ভুল করে সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, “আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশ ব্যাংকে আজ (২২ সেপ্টেম্বর) কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে কী কারণে ফায়ার সার্ভিসের চাকরি ইউনিট এসেছিল তা এখনও বোঝা যাচ্ছে না। হয়তো কারও ভুল ইনফরমেশনের কারণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসেছিল।” 

তারা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে বলেও জানান তিনি।