লিবিয়ার ত্রিপোলিতে বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৩৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশি নাগরিকদের নিয়ে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের অভ্যর্থনা জানায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বাংলাদেশিদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, “ভবিষ্যতে আর কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায়, সে বিষয়ে সচেতনতা তৈরিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
এর আগে, গত ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৪৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর ৩০ নভেম্বর ১১০ জন এবং ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে ১৪৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহযোগিতা করেছে।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই অন্য বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা চারটি চার্টার্ড ফ্লাইটে মোট ৫৩৪ জনকে দেশে আনা হয়েছে।