প্রতারক পংকিকে গ্রেপ্তার করেছে র‍্যাব, এলাকায় মিষ্টি বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসমিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ময়নুল ইসলাম পংকি (৪০) নামের এই আসমিকে গ্রেপ্তারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯-এর একটি অভিযানিক দল।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, বিশ লাখ টাকা প্রতারণার অভিযোগে পংকির বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টে মামলা করেছিলেন কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের রুহুল আমিন।

এই মামলায় গত ২৪ নভেম্বর ময়নুল ইসলাম পংকিকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলার রায় হলেও পলাতক ছিলেন পিংকি। অবশেষে র‌্যাবের হাতে আটক হলেন তিনি।