সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার ত্রিশমাইল এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল; এ সময় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাজাদা, সাতক্ষীরার আশাশুনি উপজেলার মজগুনী গ্রামের মিতা, কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন, তার মেয়ে আয়শা খাতুন, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শরিফা খাতুন, তার মেয়ে হাসনা হেনা, তালা উপজেরা কামাশডাঙ্গা গ্রামের কৃষ্ণরানী মণ্ডল এবং ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার।