বন্ধুদের নিয়ে মাওয়ায় ইলিশ মাছ খেয়ে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তন্ময় (২২) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই বন্ধু হৃদয় (২০) ও শাহিন (১৮)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। একই মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন।
তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।
আহতরা হচ্ছেন- কামরাঙ্গীরচর এলাকার সোলাইমানের ছেলে হৃদয় ও টিটু মিয়ার ছেলে শাহিন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, “তন্ময়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতের ভগ্নীপতি মো. সোহাগ বলেন, “মোটরসাইকেলে করে বন্ধুদের নিয়ে মাওয়ায় ইলিশ খেয়ে যায় তন্ময়। ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়ে মারা যায়। তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়। তন্ময় শিক্ষার্থী এবং কামরাঙ্গীরচর থানার ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী ছিল।”