ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বাড়ির আঙিনায় চাষ করা ১৭৭টি গাঁজা গাছসহ মধু রাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) ভোররাতে ঠাকুরগাঁও শহরের লধাবাড়ী গ্রামে ওই ব্যক্তির বাড়ি থেকে এসব গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মধু রাম লধাবাড়ী গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তর প্রসাদ পাঠক বলেন, “গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী মধু রাম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করেছেন। বুধবার ভোররাতে মধু রামের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।”
“অভিযানে মধুর বাড়ির আঙিনা ও বাড়ির আশপাশে চাষ করা বিভিন্ন উচ্চতার ১৭৭টি গাঁজার গাছ শিকড়সহ উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মধু রামকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় সদর থানায় মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয় বলে জানান তিনি।