বিআরটিএ’র সার্ভার সচল, সেবা কার্যক্রম শুরু

এক মাস পর সার্ভার সচল হওয়ায় সব ধরনের সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ।

সোমবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর দেওয়া, ইত্যাদি সকল সেবা কার্যক্রম চালু হয়েছে।

যারা এসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন, তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান গৌতম কুমার সাহা বলেন, “রবিবারই আমাদের সার্ভার সচল হয়েছে। তাই আজ সারাদেশে পুরোদমে কাজ হচ্ছে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।”

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। সেদিন মিরপুরে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর সার্কেল কার্যালয় ভাঙচুর করা হয়। ১৯ জুলাই বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ফের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিআরটিএ’র কেন্দ্রীয় ডেটাসেন্টার ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বিআরটিএ’র সব কার্যক্রম স্থগিত ছিল।