পাবনায় ‘অতিরিক্ত মদ্যপানে’ ২ বন্ধুর মৃত্যু, অসুস্থ আরও ৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পাঁচ বন্ধু মিলে মদ্যপান করতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে দুই বন্ধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, দুর্গাপূজার উৎসব শেষে সোমবার সন্ধ্যায় বন্ধুরা মিলে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন চরভাঙ্গুড়া গ্রামের পাঁচ তরুণ। পরে তাদের প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আর অন্যজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জল হোসেন বলেন, “দুইজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।”

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মদ্যপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করছে।”