আশুলিয়ায় যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ১০-১৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে ৫ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। 

এর আগে সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে ওই বিক্ষোভ মিছিল হয়। পুলিশ জানায় ওই মিছিলটি ২-৩ মিনিট স্থায়ী হয়। এর পরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেন। তারা সবাই মুখে মাস্ক পরিধান করে ছিলেন। ব্যানারে শেখ মুজিবর রহমান, শেখ হাসিনাসহ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল এর ছবি রয়েছে। ব্যানারে লেখা ছিল বিক্ষোভ মিছিল। আয়োজনে- আশুলিয়া থানা যুবলীগ। মিছিলে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” স্লোগান দেয়া হচ্ছিল।

এ ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এর নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, “দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। মূলত তারা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকান্ড করার জন্য পায়তারা করছিল। তখন আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাদের সনাক্ত করে সারারাত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠনেরই কর্মী। কিন্তু তারা অন্য কোন ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিল। বাকি যে ৭-৮ জন আছে তাদেরও আমরা দ্রুত গ্রেপ্তার করব।”