গাজীপুরের শ্রীপুরে কানের দুল বন্ধক রেখে ৩৮ হাজার টাকা ঘুষ দিয়ে শ্রীপুর থানা পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেয়েছেন এক সুইপার দম্পত্তি। শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন তারা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের পূর্ব উত্তরপাশে সুইপার আরিফের বাড়িতে এ ঘটনা ঘটে। আরিফ গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে মাদক বিক্রির অভিযোগে আরিফের বাড়িতে অভিযান চালান। পরে তাদেরকে আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে ওই দম্পত্তি কানের দুল বন্ধক রেখে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে বাড়িতে রেখে চলে আসে পুলিশ।
অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, “মাদক বিক্রির অভিযোগে আরিফের বাড়িতে অভিযান চালানো হয়। পরে না পেয়ে আমরা সেখান থেকে চলে আসি।” আরিফকে আটক বা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” তিনি সাংবাদিকদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জিজ্ঞাসা করার পরামর্শ দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “আপনাদের (সাংবাদিক) মতো আমিও বিষয়টি শুনেছি। তদন্তের পর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অভিযুক্ত সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”