সাতক্ষীরার সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন (প্রবেশ করানো) করেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) বলে অভিযোগ ওঠেছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বন বিভাগ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, “পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০ থেকে ৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”
অনুপ্রবেশকারীরা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।
হাবিবুল ইসলাম আরও বলেন, “বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ তারা নেবেন।”
কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা বন বিভাগের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়েছেন।