Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

অনুপ্রবেশকারীদের দাবি, তাদের বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে

আপডেট : ০৭ মে ২০২৫, ০৮:২৮ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।

বুধবার (৭ মে) ভোর ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অনুপ্রবেশ করা ব্যক্তিরা স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করেছে।

এদের মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অনুপ্রবেশ করা ২৭ জন ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বলে দাবি করেন। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।

তবে বাকিদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “এখন পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে এবং আটককৃতরা সবাই তাদের হেফাজতে রয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।”

   

About

Popular Links

x