ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “সন্ধ্যার মধ্যেই রাজধানীর উত্তরের ৮৫% বর্জ্য অপসারণ হয়েছে। কাজ চলমান আছে। ধীরে ধীরে সব বর্জ্য অপসারণ চলছে।”
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শনিবার (৭ মে) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে মোহাম্মদ এজাজ বলেন, “তিন দিন ধরে বর্জ্য অপসারণ চলবে। এবার ধীরে সুস্থে কাজ চলছে। ডেডলাইন দিয়ে কাজ করাতে গেলে দেখা যায় অনেক সময় ঠিকভাবে বর্জ্য অপসারণ হয় না।”
তবে ধীরে সুস্থে কাজ চললেও কাজের গতি ভালো উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা উত্তরের সব বর্জ্য অপসারণের নিজস্ব সক্ষমতা সিটি কর্পোরেশনের আছে। দুই একটি সাব-কন্ট্রাক্ট বাদে বাকি কাজ উত্তর সিটি কর্পোরেশন নিজেই করছে। ক্যান্টনমেন্ট থেকেও ডাম্প ট্রাকের সাহায্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ গতিতে কাজ চলছে।”
টানা তিন দিন মানুষ নিজেদের মতো করে পশু জবাই দিক, উৎসব করুক উল্লেখ করে এজাজ বলেন, “আমরা পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখিনি। বরং আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজকে বহুমুখী করা হয়েছে। এখনই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না। কারণ অনেক এলাকায় মানুষ এখনও পশু জবাই করছে। অনেকে কাল পরশুও পশু জবাই করবে। পুরো প্রক্রিয়া শেষে বাস্তব চিত্র বোঝা যাবে।”
এবারই প্রথম সিটি কর্পোরেশনের সদস্যরা বাড়িতে গিয়ে গিয়ে পলিথিন ও ব্লিচিং পাউডার সরবরাহ করেছে। আগে রাজনৈতিক পরিচয়ে কাউন্সিলর অফিস থেকে এসব সামগ্রী নিতে হতো। এবার পুরো ঢাকাবাসীর জন্য নিরপেক্ষ সেবার অংশ হিসেবে এ সুবিধা দেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
সারাদিনের বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ প্রসঙ্গে এজাজ বলেন, “বৃষ্টি হওয়ার কাজে কিছুটা ভাটা পড়েছিল। তবে বড় সফলতা এই বৃষ্টিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেলক্ষ্যে সচেষ্ট ছিল সিটি কর্পোরেশন। মিরপুরের কয়েক জায়গায় পানি জমলেও পরবর্তীতে পানি নেমে গেছে। সব মিলিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে ডিএনসিসি।”
আমিনবাজার ল্যান্ডফিলে আর কতদিন কোরবানির বর্জ্য ফেলা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে এজাজ বলেন, “২০১৭ সালে আমিনবাজার ল্যান্ডফিলের মেয়াদ পেরিয়ে গেছে। এরপরও গত ৮ বছরে বিকল্প কোনো মাধ্যম বের করা হয়নি। এখন বাধ্য হয়ে আমিনবাজারে ময়লা ফেলতে হচ্ছে। ইতোমধ্যে এ এলাকায় ৬১৮ কোটি টাকা ব্যয়ে ৫০ একর অতিরিক্ত জমি যোগ করা হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান না। খোলা জায়গায় ময়লা ফেলার প্রক্রিয়া থেকে বের হয়ে আসবে সিটি কর্পোরেশন।”
এরমধ্যে খোলা জায়গায় ময়লা ফেলা বন্ধে কয়েকটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। দুই-তিন মাস এ প্রজেক্টের সফলতা প্রসঙ্গে অবগত করা সম্ভব বলে জানান মোহাম্মদ এজাজ।