Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বাস্তবায়ন কার্যক্রমে ডিএমপির সঙ্গে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম পর্যায়ে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়ন কার্যক্রমে ডিএমপির সঙ্গে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।

সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এই মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। সভা সূত্রে জানা গেছে, ডিএমপির সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করে এই আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়নে অংশ নেবে ঢাকার দুই সিটি করপোরেশন। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধাপে ধাপে পুরোপুরি স্বয়ংক্রিয় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রকল্প বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কোনো বরাদ্দ বা বিশেষ তহবিলের প্রয়োজন হবে না। পুলিশের নিজস্ব যে নিয়মিত তহবিল রয়েছে, তা থেকেই এর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়গুলোতে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এসব সিগন্যাল বাতি তৈরি করে।

এই সিগন্যালগুলো মূলত স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও ট্রাফিক পুলিশের প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি বা হাত দিয়ে নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। এই পরীক্ষামূলক প্রকল্পে অর্থায়ন করছে ঢাকার দুই সিটি করপোরেশন এবং পুরো কার্যক্রমটি সমন্বয় করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ।

চলতি বছরের ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে ওই ট্রাফিক পয়েন্টগুলোতে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ডিএমপি। এই এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের ঘটনা, যেমন: লেন অমান্য করা, হেলমেট না থাকা বা অতিরিক্ত গতি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার জন্য বিশেষ সফটওয়্যার সংযোজন করা হয়েছে।

ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়নের ইতিহাস অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়। ডিটিসিএর তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রথম ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছিল ১৯৬০-এর দশকে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অকেজো হয়ে পড়ে।

পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৬৮টি স্থানে সিগন্যাল বাতি স্থাপন করা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর করা যায়নি এবং ২০০৯ সালের মধ্যে সেগুলো পুরোপুরি অচল হয়ে যায়। এরপর ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে আরও ৯১টি মোড়ে এবং ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার ঋণে চারটি মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিগন্যাল স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণ ও সমন্বয়ের অভাবে কিছুদিন পরই সেগুলো অকার্যকর হয়ে পড়ে।

বিগত কয়েক দশকের সেই সব ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার পুলিশের নিজস্ব অর্থায়নে এবং দুই সিটি করপোরেশনের সক্রিয় অংশগ্রহণে এআই প্রযুক্তির এই নতুন উদ্যোগ ঢাকার যানজট নিয়ন্ত্রণে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

   

About

Popular Links

x