সকালে ‘প্রেমিকার বিয়ের’ খবর, দুপুরে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

“প্রেমিকার বিয়ের খবরে” গোলাম রাব্বি (১৫) নামের এক কিশোর প্রেমিক গলায় ফাঁস নিয়ে “আত্মহত্যা” করেছে বলে দাবি করেছে তার পরিবার।

সোমবার (২৯ জুন) পাবনার চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়ের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল। কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেয়।

নিহত রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, কিছুদিন পর মেয়েটিকে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবর শুনে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে বাড়ির সবাই যখন বাইরে ছিল, তখন নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, “ঘটনাটি জানার পরই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”