কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত অন্তত অর্ধশত ব্যক্তি আহতের ঘটনা ঘটেছে।
রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীদের বহনকারী একটি ভাড়া বাস বগুড়া থেকে খুলনা যাচ্ছিলো। এসময়, খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাসটির। পরে ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে।”
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “বগুড়া থেকে খুলনার দিকে সেনাবাহিনীর প্রশিক্ষনার্থী একটি বাস যায়। একটি পিকআপকে সাইড দিতে যেয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪০ থেকে ৫০ জন আহত হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”



