খুলনায় ‘মদ্যপানে’ আরও ২ জনের মৃত্যু

খুলনায় মদ্যপানে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) রাতে একজন এবং শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে আরেকজন মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন- ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের রবিউল গাজী (৩৫) ও রাসেল সরদার (৩০)। খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তারা দুজনই স্থানীয় গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তারা থুকড়া বাজারে স্পিরিট জাতীয় অ্যালকোহল জাতীয় কিছু পান করেন। এতে একে একে অসুস্থ হয়ে পড়েন সবাই। ওই রাতে রবিউল গাজীর অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রবিউল গাজীর মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে তার লাশ দাফন করা হয়।

অপরদিকে শনিবার (১৯ জুলাই) বিকেলে রাসেল সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাসেলের মৃত্যু হয়। রবিবার সকালে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘‘স্থানীয়ভাবে ঘটনাটি শুনেছি। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। এ ঘটনায় পুলিশ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছে।”

এর আগে ১৯ জুলাই বিকেলে খুলনা মহানগরীর বয়রায় মদপানে ৫ জনের মৃত্যু হয়।