দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একটি সভার রেজল্যুলেশনের অংশবিশেষ বাদ দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, একটি সভার রেজল্যুলেশনের অংশবিশেষ বাদ দিয়ে একটি তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগে ম্যানেজিং কমিটিতে যুক্ত করার বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেটি ছিল একটি মিটিংয়ের রেজল্যুশনের অংশ। সেখানে আলোচনার একটি অংশ বাদ দেওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রী পর্যায়ে পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষার পরই প্রজ্ঞাপন জারি হবে।”
এহছানুল হক মিলন বলেন, “ওই অংশটি বাদ দিয়েই সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মিছিল করেছেন।”
এর আগে, সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগপ্রক্রিয়া কী হবে, তা নির্ধারণ করা হবে।