বলিউড তারকা আমির খান আবারও আলোচনায় এলেন ব্যক্তিগত জীবনের কারণে। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আপন ভাই ফয়সাল খান।
সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ফয়সাল দাবি করেন, ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তাদের এক পুত্রসন্তানও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের জনপ্রিয় সিনেমা গোলাম-এর শুটিং চলাকালে জেসিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির। পরবর্তীতে জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তাকে গর্ভপাতের পরামর্শ দিলেও জেসিকা তা প্রত্যাখ্যান করেন এবং সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখা হয় জান। ২০০৫ সালে ‘‘স্টারডাস্ট’’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে প্রথমবার বিষয়টি প্রকাশ্যে আসে। তখনই বলা হয়েছিল, জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক ছিল এবং তাদের সন্তানও আছে। তবে সেই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন আমির খান।
ফয়সাল খান এবার সরাসরি দাবি করেছেন, “আমিরের সঙ্গে জেসিকার সম্পর্ক সত্যি ছিল, তাদের একটি সন্তানও আছে। আমি চিঠি লিখে পরিবারকে জানিয়েছিলাম, কিন্তু কেউ তা আমলে নেয়নি।”
২০১২ সালে খ্যাতনামা ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদে প্রকাশিত হয় জানের ছবি। সম্প্রতি জেসিকার একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জানের চেহারায় আমির খানের সঙ্গে আশ্চর্যজনক মিল খুঁজে পাচ্ছেন।
ফয়সাল আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একই সময়ে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, এবং পরিচালক কিরণ রাওয়ের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান এই বলিউড তারকা।