কানাডার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী তুষি, রইদের ঝুলিতে আরও ২ পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ১২ তম আসরে বাজিমাত করেছে বাংলাদেশের ‘রইদ’।

এক যুগ ধরে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর হিসেবে পুরস্কার জিতেছেন নাজিফা তুষি। একই সঙ্গে চলচ্চিত্রটি জিতে নিয়েছে আরও দুটি পুরস্কার। উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।

চলচ্চিত্রটিতে  ‘সাদুর বউ’ চরিত্র করে অনবদ্য অভিনয়ের জন্য আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে। এছাড়া সেরা সিনেমাটোগ্রাফিতে জায়গা করে নিয়েছে জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সেরা সংগীতের পুরস্কার জিতেছেন রাশিদ শরীফ শোয়েব।

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় সিনেমাটি। এছাড়া অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। 

অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহকে কাজে লাগিয়ে গ্রামীণ প্রেক্ষাপটের পটভূমিতে চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।

এতে নাজিফা তুষি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ একদল প্রতিভাবান শিল্পী।