“শুয়া চান পাখি”, “পুবালী বাতাসে” কিংবা “আমার গায়ে যত দুঃখ সয়” গানগুলো বাজলেই মনে পড়ে যায় এক দরদভরা কণ্ঠের কথা, যে কণ্ঠে ছিল বিরহ, অভিমান আর মাটির গন্ধ। শুধু কণ্ঠেই নয়, বাঁশির সুরেও অসংখ্য মানুষকে মুগ্ধ করেছিলেন তিনি। তিনি বারী সিদ্দিকী। আজ ২৪ নভেম্বর তার নবম প্রয়াণ দিবস।
২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্ম তার। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি ছিল গভীর ভালোবাসা। পরিবারের গানের আবহ ও মায়ের উৎসাহে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হলেও বাঁশিই ছিল তার প্রথম প্রেম।
দীর্ঘদিন বাঁশি বাজালেও তেমন পরিচিতি পাননি বারী সিদ্দিকী। পরে গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছে যান। ১৯৯৩ সালে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর বদলে যায় তার জীবনের গতিপথ। ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদের “শ্রাবণ মেঘের দিন” সিনেমায় ছয়টি গান করেন তিনি। এর মধ্যে “শুয়া চান পাখি”, “পুবালী বাতাসে” ও “আমার গায়ে যত দুঃখ সয়” ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে ৭০টি দেশের প্রতিনিধির সামনে বাঁশি বাজিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি। উপমহাদেশ থেকে সেখানে একমাত্র প্রতিনিধি ছিলেন বারী সিদ্দিকী। পরবর্তী সময়ে এক ডজনের বেশি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী। তার কণ্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “আমি একটা জিন্দা লাশ”, “অপরাধী হইলেও আমি তোর” ও “মনের দুঃখ মনে রইলো রে”।
শরীরী উপস্থিতি নেই, কিন্তু তার কণ্ঠ আর বাঁশির সুর আজও বেঁচে আছে অসংখ্য শ্রোতার হৃদয়ে। বারী সিদ্দিকী যেন এমন এক শিল্পী, যার সুরে আজও ফিরে আসে বাংলার মাটি ও মানুষের গল্প।