ন্যান্সি: আসিফের মিথ্যাচার ক্ষমার যোগ্য নয়

শিল্পী আসিফ আকবরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আরেক কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এমনকি তার সঙ্গে ডুয়েট আ্যালবাম করার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। ন্যান্সি বলেন, পূর্বের করা অন্যায়, মিথ্যাচার কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ক্ষোভের কথা তুলে ধরেন ন্যান্সি। সম্প্রতি আসিফ আকবরের সঙ্গে দেখা ও সাক্ষাতের বিষয়টিও পরিষ্কার করের তিনি।

ন্যান্সি লেখেন, আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকার মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়; কিন্তু ওনার আমার সঙ্গে করা পূর্বের ধারাবাহিক মিথ্যা ও অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়।

২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যান্সি। সেই মামলার প্রসঙ্গে এই গায়িকা লেখেন, নিরুপায় আমি, আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া, আদালত যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।

আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে গান করবেনা না জানিয়ে ন্যান্সি লেখেন, আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়।

নিজের প্রাপ্য সম্মানী দাবি করে ন্যান্সি আরও লেখেন, আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছা থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছা, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।

চার বছরের দ্বন্দ্বের পর কয়েকদিন আগে আসিফ-ন্যান্সির দেখা হয়েছিল। এ প্রসঙ্গে আসিফ আকবর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যার ফলে ভক্তরা মনে করেছিলেন, দু’জনকে ফের এক ফ্রেমে দেখা যাবে। কিন্তু ন্যান্সির এমন কথা দ্বন্দ্ব অবসানের বিপরীত ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।