বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার বয়স ৩০।
রবিবার (১৯ জানুয়ারি) ভোরে তাকে সাইফ আলির বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তি “খার” থানায় আটক রয়েছেন বলে জানায় মুম্বাই পুলিশ।
অভিযুক্তকে আটকের পর মুম্বাইয়ের পুলিশের ডেপুটি কমিশনার দিক্ষিত গেদাম সংবাদ সম্মেলনে বলেছেন, “চুরির উদ্দেশে তিনি ওই বাড়িতে প্রবেশে করেছিলেন অনুসন্ধান বলছে। ভারতের কোনো নথিপত্র তার কাছে নেই। কিছু জিনিস উদ্ধার করা হয়েছে, যাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশি।”
অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
দিক্ষিত গেদাম আরও জানান, অভিযুক্ত ব্যক্তি প্রথমবার সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত যা ইঙ্গিত করছে তাতে ওই অভিযুক্ত বাংলাদেশি হতে পারে। ওর কাছে কোনো ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ ও বাংলাদেশি। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।”
মুম্বই পুলিশের ওই শীর্ষকর্তা আরও বলেন, “অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বাইয়ে বাস করছে সে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে।”
মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেন। অভিযুক্ত হামলাকারী নিজেকে বিজয় দাস হিসেবে নিজের পরিচয় দিতেন। তিনি আরও কয়েকজনসহ মুম্বাই ও এর আশেপাশে বসবাস করতেন।
পুলিশ আরও জানিয়েছে, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিলেন ওই অভিযুক্ত ব্যক্তি। হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানের একটি বারের কর্মী ছিলেন।
এর আগে, ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছিল, রাত আড়াইটার দিকে একজন অনুপ্রবেশকারী তার বাসায় ঢুকে ছয়বার ছুরিকাঘাত করে।
হাসপাতালকর্মীরা তখন জানিয়েছিলেন, সাইফ আলী খান এখন বিপদমুক্ত। রাতে তার নিউরোসার্জারি করা হয়েছে। বর্তমানে প্লাস্টিক সার্জারি চলছে।
এ ঘটনায় বান্দ্রা থানায় একটি এজাহার দাখিল করা হয়ে। তাতে বলা হয়, সাইফ আলী যখন বাসায় ঘুমিয়ে ছিলেন, তখন একজন অনুপ্রবেশকারী চুপিসারে তার বাসায় ঢোকেন। এ সময়ে ওই ব্যক্তির সঙ্গে সাইফের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সাইফ আলী খানকে ছয়বারের বেশি ছুরিকাঘাত করে পালিয়ে যান অনুপ্রবেশকারী।
এর পর মুম্বাইয়ে আরেক সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করে পুলিশ।