Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাইফ আলীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয় যেভাবে

অভিনেতার বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে চিহ্নিত করা হয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মুম্বাই পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে বলিউড তারকা সাইফ আলী খান এখন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্ত করতে বিশেষ একটি টিম গঠন করে পুলিশ।

সাইফ আলী খানের বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, এক ব্যক্তি রাত ২টা ৩৩ মিনিটে সাইফের বাড়ির সিঁড়ি দিয়ে নামছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে ছিল সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু এবং পরনে ছিল জিন্স। কাঁধে ছিল ব্যাগও। অবশেষে শুক্রবার সকালে পুলিশের হাতে ধরা পড়ল হামলাকারী।

বান্দ্রা স্টেশনে তল্লাশির সময় ওই যুবকের খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা যায়। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। তার পরই তাকে আটক করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। তবে শুধু এক পক্ষের জিজ্ঞাসাবাদ নয়; সেদিন রাতে কী হয়েছিল তার জবানবন্দী নেওয়া হচ্ছে অভিনেতার কাছ থেকেও।

এর আগে বুধবার দিনগত গভীর রাতে বলিউড অভিনেতা সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারে। পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালায়। সাইফের শরীরে ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করার পরই অভিনেতার বয়ান রেকর্ড করা হবে বলে জানায় মুম্বাই পুলিশ। 

সাইফের বাড়ির দুই কর্মীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পরিচারিকাকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খান পরিবার। আপাতত খানিকটা একা থাকতে চাইছেন সাইফ-কারিনা।

   

About

Popular Links

x