ডেঙ্গু নিয়ে আতঙ্ক যেন দিন দিন বাড়ছেই। এডিস মশা থেকে রক্ষা পেতে চিকিৎসকরা রাতে মশারি ব্যবহার, ঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমা পানি দূর করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়- ডেঙ্গু মশা ঠিক কোন সময়ে কামড়াতে বেশি সক্রিয় হয়? কেউ বলেন ভোরবেলা, কেউ আবার বিকেল বা সন্ধ্যা।
দিনের কোন সময়ে সক্রিয় এডিস মশা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ভোর রাতের দিকে এবং দুপুর গড়িয়ে বিকেল বা সন্ধ্যায় ডেঙ্গু মশা বেশি সক্রিয় হয়। সূর্যোদয়ের ঘণ্টা দুয়েক আগে এবং সূর্যাস্তের ঘণ্টা দুয়েক পরে এডিস মশার কামড়ের ঝুঁকি বেশি থাকে।
তবে ম্যালেরিয়ার অ্যানোফিলিস মশার মতো নির্দিষ্ট সময় মেনে চলার অভ্যাস এদের নেই। পরিবেশ অনুকূল হলে দিনের যেকোনো সময়েই তারা আক্রমণ চালাতে পারে। বিশেষ করে বাড়ির চারপাশে জমা পানি, আবর্জনা এবং স্যাঁতসেঁতে অন্ধকার জায়গা এডিস মশার বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ।
দিনের আলোই বেশি পছন্দ
গবেষণায় দেখা গেছে, দিনের আলোতেই ডেঙ্গু মশা কার্যক্রম চালাতে পছন্দ করে। তবে ঘরের ভিতরে যদি অন্ধকার ও আর্দ্র পরিবেশ থাকে, সেখানেও তারা ঘাপটি মেরে থাকে। বর্ষাকালে বংশবৃদ্ধির হার বাড়ে, কারণ তখন জমা পানির পরিমাণও বেড়ে যায়।
প্রতিরোধে করণীয়
- এলাকায় মশার উপদ্রব বেশি হলে পুরো হাতাওয়ালা জামা ও ট্রাউজার পরা উচিত।
- শিশুদের সারাদিন গা ঢাকা পোশাক পরিয়ে রাখা ভালো।
- ভেষজ উপাদানযুক্ত মশা নিরোধক ব্যবহার করা নিরাপদ।
- রাতে মশারি ব্যবহার করা জরুরি, ছোটদের ক্ষেত্রে দুপুরেও মশারি দেওয়া ভালো।
- জানালায় নেট বসালে ঘরে মশা ঢোকার ঝুঁকি কমে।
সতর্ক সংকেত
জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে, গায়ে র্যাশ দেখা দিলে বা অস্বাভাবিক দুর্বলতা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু উপসর্গ সবার ক্ষেত্রে এক রকম নাও হতে পারে, তাই অবহেলা করা ঠিক নয়।