যেসব কারণে বর্ষাকালে বৃষ্টিতে ভেজা প্রয়োজন

বৃষ্টির পানিতে ভিজার কথা ভাবতেই মনে পড়ে স্কুল জীবনের কথা। বর্ষাকালে স্কুল শেষে কিংবা দুপুরে বন্ধুদের নিয়ে বৃষ্টির পানিতে ভিজার আনন্দ যেন শৈশবের সেরা স্মৃতি। 

নির্দিষ্ট একটা বয়সরে পরে কাজের ব্যস্ততা আর সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে হারিয়ে যায় শৈশবের সেসব আনন্দঘন সময়গুলো। তবুও আমাদের জীবনে বর্ষাকাল মানেই- কখনো ঝুম বৃষ্টি, কখনো হালকা ফোঁটা ফোঁটা পানি, মেঘের লুকোচুরি আর শীতল হাওয়ার এক মনোরম পরিবেশ। 

নাগরিক জীবনে গরমে হাঁসফাঁস করা দিনের শেষে হঠাৎ নামা বৃষ্টি আমাদের কাছেই যেন প্রকৃতির উপহার। তবে, বৃষ্টি আমাদের জন্য শুধু আনন্দের নয় উপকারও বটে। 

কেউ শখ করে বৃষ্টিতে ভেজেন, আবার কেউ অনিচ্ছা সত্ত্বেও ভেজে যান। তবে অভিজ্ঞতা যাই হোক না কেন, বৃষ্টিতে ভেজার অনুভূতি বেশিরভাগ মানুষের কাছেই আনন্দদায়ক। 

প্রচলিত ধারণা হলো, বৃষ্টিতে ভেজলেই সর্দি-কাশি বা জ্বর হয়। তবে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা- স্বল্প সময়ের জন্য বৃষ্টিতে ভেজা সবসময় ক্ষতিকর নয়, বরং উপকারী বলছেন তারা। 

তাদের মতে, বৃষ্টি কিছু ক্ষেত্রে শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বৃষ্টির সময় ভেজা মাটি থেকে যে সোঁদা গন্ধ বের হয়, তাকে বলা হয় ‘পেট্রিকর’। এই গন্ধ মানুষের মস্তিষ্কে প্রশান্তির অনুভূতি তৈরি করতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। যা মানসিক চাপ কমাতে এবং মন কিছুটা হালকা-সতেজ অনুভব করতে সহায়তা করে।  

বৃষ্টি গরমে এনে দেয় স্বস্তি

তীব্র গরমের পর বৃষ্টির পানি শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। এতে ক্লান্তি ও অস্বস্তি কমে গিয়ে শরীরে স্বস্তির অনুভূতি তৈরি করে।

ত্বক ও চুলে বৃষ্টির প্রভাব

বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ত্বকের শুষ্কতা কিছুটা কমে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টির পানির কিছু প্রাকৃতিক উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখতেও সহায়তা করতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর পরিষ্কার পানি দিয়ে গোসল করা ও চুল ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

শ্বাসপ্রশ্বাসে স্বস্তি অনুভূত 

বৃষ্টির সময় বাতাসে ধুলাবালির পরিমাণ তুলনামূলক কম থাকে। ফলে অনেকের শ্বাস নিতে কিছুটা স্বস্তি অনুভূত হতে পারে। দীর্ঘদিনের গরম ও দূষণের পর বৃষ্টির পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক হয়ে ওঠে।

মানসিক ক্লান্তির ‘ওষুধ’ বৃষ্টি

ব্যস্ত জীবনের মানসিক চাপ ও ক্লান্তি অনেক সময় বৃষ্টির ছোঁয়ায় কিছুটা হালকা হয়ে যায়। বৃষ্টিতে কিছুক্ষণ সময় কাটানো বা ভিজে থাকা অনেকের মনকে নতুন করে সতেজ করে তোলে। তাই বৃষ্টিতে ভেজাকে মানসিক ক্লান্তির ‘ওষুধ’ বলেও অভিহিত করেন অনেকেই। 

ঘুমে আনে স্বস্তি

বৃষ্টির টুপটাপ শব্দ ও ঠান্ডা পরিবেশ অনেকের জন্য আরামদায়ক অনুভূতি তৈরি করে। ফলে ঘুমের মান ভালো হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির এই শান্ত শব্দ স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। বৃষ্টির সময় বেশিরভাগই মানুষ ঘুমাতে পছন্দ করেন।