চলছে দেশি ফলের ভরা মৌসুম। বাজার পাওয়া যাচ্ছে নানা ধরনের দেশীয় ফল। আর যেসব ফল এই মুহূর্তে চাহিদার শীর্ষে রয়েছে তার মধ্যে আম অন্যতম।
আমকে বলা হয় ফলের রাজা। অনন্য স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও আম বেশ সমৃদ্ধ ফল। তবে আমের রয়েছে আবার অসংখ্য জাত। আর জাতভেদে আমের স্বাদও ভিন্ন ভিন্ন হয়। এসব আমের নামকরণের সঙ্গেও জড়িয়ে আছে মজার মজার ইতিহাস।
দেশের বাজারে যেসব জাতের আম পাওয়া যায় তার মধ্যে ফজলি বেশ জনপ্রিয়। এই জাতের আমের স্বাদও একেবারেই আলাদা।
সুপরিচিত এই আমের নামকরণের পেছনেও রয়েছে বেশ মজার এক ইতিহাস।
কথিত আছে, ১,৮০০ সালের দিকে ফজলি বিবি নামে এক বৃদ্ধা বাস করতেন গৌড়ের এক প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠানে ছিল বিশাল একটি আমগাছ। তিনি গাছটির খুব যত্ন নিতেন। তার গাছটিতে বেশ বড় বড় আকৃতির আম হতো।
একদিন ওই এলাকার কালেক্টর রাজভেনশ বৃদ্ধার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তৃষ্ণার্ত হয়ে তিনি ওই বৃদ্ধার বাড়িতে এসে পানি চান। পানির সঙ্গে ফজলি বিবি তাকে নিজের গাছের আমও খেতে দেন।
আম খেয়ে খুবই মজা পান রাজভেনশ। তখন তিনি সেই আমের জাতের নাম জানতে চান। কিন্তু ইংরেজি না বুঝে শুধু “নেম” শুনেই নিজের নাম বলে দেন ফজলি বিবি। সেই থেকেই এই জাতের আম “ফজলি” হিসেবে মুখে মুখে ছড়িয়ে পড়ে।