ইফতারে লেবুর শরবতের বিকল্প হিসেবে যা পান করতে পারেন

ইফতারে লেবুর শরবত পান একটি সাধারণ বিষয়। অনেকেই এখন লেবুর শরবতের বিকল্প খুঁজছেন। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর এমন কী পান করলে শরীরে পুনরায় শক্তি ফিরে আসবে- তা নিয়ে চিন্তিত অনেকে। তাই চলুন জেনে নেওয়া যাক ইফতারে লেবুর শরবতের বিকল্প হিসেবে যা পান করতে পারেন তা সম্পর্কে।

তরমুজের শরবত

তরমুজের জুস

এই গরমে এক গ্লাস ঠাণ্ডা তরমুজের জুস যেমন এনে দিতে পারে প্রশান্তি, তেমনি মেটাতে পারে শরীরের পানির চাহিদাও। দুই কাপ তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণ মতো চিনি একসঙ্গে ব্লেন্ড করে বানিয়ে নিতে পারেন এই পানীয়। এছাড়াও তরমুজে থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে বিটা ক্যারোটিনের পরিমাণও অনেক। বিটা ক্যারোটিন চোখ ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তরমুজের জুস খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। কারণ, ভিটামিন এ ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে ত্বকের সুরক্ষা দেয়।

তোকমা ও ইসবগুলের শরবত

আধা চামচ কর ইসবগুলের ভূসি ও তোকমা, চিনি ২ চামচ ও পানি দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই পানীয়। তবে প্রথমে ইসবগুলের ভূসি ও তোকমা পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই পানীয়তে থাকা ইসবগুলের ভূসি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং তোকমা অ্যাসিডিটি দূর করে। এছাড়াও এই পানীয় রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে।