ঈদের আমেজ তো এক দিনের নয়। ঈদের পরের দিনগুলোতেও পরিবারের সবাই একসঙ্গে সময় কাটায়, আড্ডা হয়, আর স্বাদ বদলের জন্য তৈরি করা হয় মজার সব খাবার। তাই এবার থাকছে ঈদের পরের দিনগুলোর জন্য মজার কিছু রেসিপি।
নান ও বাটার চিকেন
ঈদের দিন গরুর মাংসের নানা পদ খাওয়ার পর একটু হালকা, কিন্তু সুস্বাদু কিছু খেতে চাইলে নান ও বাটার চিকেন হতে পারে পারফেক্ট কম্বো! মাখনের রিচ স্বাদ, টমেটো বেসের মোলায়েম গ্রেভি আর মুরগির মাংসের টেন্ডার টেক্সচার- সব মিলিয়ে স্বাদের এক অনন্য সংমিশ্রণ।
উপকরণ
মুরগির বুকের মাংস- ৫০০ গ্রাম (কিউব করে কাটা)
টক দই- ½ কাপ
আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
মাখন- ৩ টেবিল চামচ
টমেটো পিউরি- ১ কাপ
কাজুবাদাম পেস্ট- ২ টেবিল চামচ
গরম মসলা- ১ চা চামচ
ক্রিম- ৩ টেবিল চামচ
কাসুরি মেথি- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ (টমেটোর টকভাব কমানোর জন্য)
প্রস্তুত প্রণালী
মুরগির টুকরাগুলো টক দই, আদা-রসুন বাটা, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন।
একটি প্যানে ২ টেবিল চামচ মাখন গরম করে মেরিনেট করা মুরগি হালকা ভেজে নিন।
অন্য প্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট, গরম মসলা ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন।
এতে ভাজা মুরগি যোগ করে ১০ মিনিট রান্না করুন।
ক্রিম ও কাসুরি মেথি যোগ করে আর ২ মিনিট রান্না করুন, তারপর নামিয়ে পরিবেশন করুন।
পরিবেশন টিপস: গরম গরম নান, পরোটা বা বাসমতী ভাতের সঙ্গে পরিবেশন করুন।
চিজি চিকেন স্যান্ডউইচ
ঈদের খাবারের ধকল কাটিয়ে বিকেলের নাস্তায় চাই কিছু হালকা খাবার। গরম, ক্রিস্পি টোস্টের মাঝে গলে যাওয়া চিজ আর নরম চিকেন ফিলিং- এই চিজি চিকেন স্যান্ডউইচ হবে একেবারে পারফেক্ট!
উপকরণ
চিকেন ব্রেস্ট- ১টি (সিদ্ধ করে কুচি করা)
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- ½ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
চিজ (চেডার বা মজারেলা)- ১ কাপ (গ্রেট করা)
মেয়োনিজ- ২ টেবিল চামচ
ব্রেড স্লাইস- ৪টি
মাখন- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
সিদ্ধ করা চিকেন, পেঁয়াজ, গোলমরিচ, লবণ, মেয়োনিজ ও চিজ ভালোভাবে মিশিয়ে নিন। ব্রেডের একপাশে মাখন মেখে, ভেতরে চিকেন মিশ্রণ দিন। অন্য ব্রেডের টুকরো দিয়ে ঢেকে টোস্টারে বা ফ্রাইপ্যানে গ্রিল করুন যতক্ষণ না সোনালি বাদামি রঙ ধরে। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপ বা চিলি সসের সঙ্গে।
পরিবেশন টিপস: চাইলে ব্রেডের পরিবর্তে বানের মধ্যে এই মিশ্রণ ভরে বার্গারও বানাতে পারেন।
কুলফি আইসক্রিম
ঈদের পর মিষ্টি খাওয়ার মজাই আলাদা! আর যদি হয় কুলফি আইসক্রিম, তাহলে তো কথাই নেই।
উপকরণ
দুধ- ২ কাপ
কন্ডেন্সড মিল্ক- ½ কাপ
কর্নফ্লাওয়ার- ১ চা চামচ
এলাচ গুঁড়া- ½ চা চামচ
কাঠবাদাম ও কাজুবাদাম কুঁচি- ২ টেবিল চামচ
চিনি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণ কমিয়ে নিন। কর্নফ্লাওয়ার অল্প দুধে গুলে দুধের মধ্যে দিন। চিনি, কন্ডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়া দিয়ে নেড়ে নিন। নামানোর আগে বাদাম কুঁচি দিয়ে দিন। কুলফি ছাঁচে ঢেলে ৬-৭ ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা কুলফি!
পরিবেশন টিপস: চাইলে কুলফির ওপরে পেস্তা, চকোলেট সিরাপ বা রোজ সিরাপ দিয়ে পরিবেশন করতে পারেন!
ঈদের পরের দিনগুলোতে স্বাদ বদলানোর জন্য এই রেসিপিগুলো ট্রাই করুন। প্রতিদিন একটু নতুন কিছু বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিন! ঈদের আনন্দ থাকুক আরও কয়েকদিন! ঈদ মোবারক!