Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেসার কুকার ছাড়াই যেভাবে দ্রুত সিদ্ধ হবে গরুর মাংস

পবিত্র ঈদ-উল-আজহায় সারাদিনের ব্যস্ততার মধ্যে দ্রুত মাংস রান্না করতে চান অনেকেই

আপডেট : ২৯ মে ২০২৬, ০৬:১৮ পিএম

পবিত্র ঈদ-উল-আজহায় সারাদিনের ব্যস্ততার মধ্যে দ্রুত মাংস রান্না করতে চান অনেকেই। তবে সাধারণ নিয়মে রান্না করলে গরুর মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে। রান্নাবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ কৌশল জানা থাকলে প্রেসার কুকার ছাড়াও দ্রুত মাংস সেদ্ধ করা সম্ভব।

মাংস দ্রুত নরম ও সেদ্ধ করার অন্যতম কার্যকর উপায় হলো কাঁচা পেঁপের ব্যবহার। একটি কাঁচা পেঁপে খোসাসহ টুকরা করে সামান্য লবণ, পানি ও সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করা যায়। পেঁপেতে থাকা বিশেষ উপাদান মাংসের কোষ নরম করতে সাহায্য করে। এক কেজি মাংসে তিন টেবিল চামচ পেঁপের পেস্ট মেখে এক ঘণ্টা রেখে দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মেরিনেট করলেও রান্নার সময় কমে যায়। লেবু, ভিনেগার ও দইয়ের অম্লীয় উপাদান মাংসকে নরম ও সুস্বাদু করে তোলে।

ডিপ ফ্রিজ থেকে মাংস বের করেই রান্না না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্তত আধা ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রায় রেখে রান্না শুরু করলে মাংস দ্রুত সেদ্ধ হয়।

এ ছাড়া রান্নার আগে কিছুক্ষণ লবণ মেখে রাখলেও মাংস নরম হয়। আবার বেকিং সোডা মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে পরে ধুয়ে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হয় বলে জানিয়েছেন রান্নাবিদরা।

ফলের পিউরিও মাংস নরম করতে কার্যকর। আনারস, পেঁপে বা কিউই ফলের পিউরি ব্যবহার করা যেতে পারে। তবে আনারস বেশি সময় মেখে রাখলে মাংস অতিরিক্ত নরম হয়ে যেতে পারে।

রান্নার সময় সামান্য চিনি ব্যবহার করলেও মাংস দ্রুত সেদ্ধ হয় বলে জানিয়েছেন অভিজ্ঞ রাঁধুনিরা।

ঈদের ব্যস্ত সময়ে এসব সহজ কৌশল মেনে চললে কম সময়ে সুস্বাদু গরুর মাংস রান্না করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

   

About

Popular Links

x