Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সহজে তৈরি করুন ঈদ স্পেশাল ‘পাইনঅ্যাপেল মাটন কারি’

মাংসের স্বাদে ভিন্নতা আনতে থাই ও বাঙালি রান্নার ফিউশনে তৈরি করতে পারেন এই বিশেষ পদ

আপডেট : ২৯ মে ২০২৬, ১২:৫৬ পিএম

কোরবানি ঈদের প্রথম দিনের ধকল শেষে দ্বিতীয় দিনে রান্নায় কিছুটা ভিন্নতা খুঁজছেন? তাহলে চেনা মাংসের স্বাদে নতুনত্ব আনতে মেন্যুতে যোগ করতে পারেন আভিজাত্যের ছোঁয়া। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী রান্নার ধারণা ও এদেশীয় মসলার মেলবন্ধনে তৈরি ‘পাইনঅ্যাপেল মাটন কারি’ হতে পারে চমৎকার একটি আয়োজন। খাসির মাংসের সাথে আনারসের ফ্লেভার আর নারকেলের দুধের ক্রিমি টেক্সচার রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ।চলুন, জেনে নেওয়া যাক খাবারে বৈচিত্র্য আনতে এই পদের সহজ রেসিপি -

প্রয়োজনীয় উপকরণ

১ কেজি খাসির মাংস, ১ কাপ কিউব করে কাটা পাকা আনারস, আধা কাপ আনারসের রস, ১ কাপ নারকেলের দুধ, আধা কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ৮-১০টি আস্ত কাঁচামরিচ, কয়েকটি গোটা গরম মসলা, ৪ টেবিল চামচ তেল ও ঘি এবং স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালী

পাত্রে তেল ও ঘি গরম করে আস্ত গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মসলার ওপর তেল ভেসে উঠলে মাংস ও লবণ দিয়ে মাঝারি আঁচে কষাতে হবে। মাংসের পানি শুকিয়ে তেল ছাড়লে আনারসের রস ও পরিমাণমতো গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে ধিমে আঁচে মাংস সেদ্ধ করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হলে নারকেলের দুধ যোগ করতে হবে। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে কাটা আনারসের টুকরো এবং আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে মৃদু আঁচে পাঁচ থেকে সাত মিনিট দমে রাখতে হবে। ওপরে তেল ভেসে উঠলেই তৈরি হয়ে যাবে এই বিশেষ পদ।

পরিবেশন

সুঘ্রাণযুক্ত এই পদটি পোলাও, নান রুটি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করার জন্য একদম উপযুক্ত।

   

About

Popular Links

x