শরীরে পুষ্টির ঘাটতি আছে কি না বুঝবেন যেভাবে

সুস্থ থাকার সহজ উপায় হলো নিয়ম মেনে খাবার খাওয়া। খাবারে যে পুষ্টিগুণ আছে, ফিট থাকতে সেটুকুই যথেষ্ট। কিন্তু ঘর-বাইরে দুদিকেই সামলাতে গিয়ে খাদ্যাভাসে অনিয়ম দেখা দেয়। তা ছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখার তাড়নায় অনেকে মেপে খাওয়াদাওয়া করেন। প্রয়োজনীয় পুষ্টির অভাবে শরীরে নানা সমস্যা দেখা দেয়। শরীর নানা ভাবে জানান দেয়, প্রয়োজনের তুলনায় আপনি কম খাবার খাচ্ছেন।

তাই চলুন জেনে নেওয়া যাক যে লক্ষণগুলো দেখে বুঝবেন শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়েছে।

১. শরীরে পুষ্টির ঘাটতির একটি লক্ষণ হলো ঘন ঘন ক্ষুধা লাগা। শরীরে খাবারের ঘাটতি থাকলে মস্তিষ্ক সঙ্কেত পাঠায় যে খিদে পেয়েছে। অনেকেই এই সঙ্কেত বুঝেও বিভিন্ন কারণে অবহেলা করে থাকেন। যে কারণে একটা সময়ের পর মস্তিষ্ক ইঙ্গিত দেওয়া বন্ধ করে দেবে। তাতে আরও বেশি সমস্যা হবে। তাই ঘন ঘন খিদে পেলে পুষ্টিকর খাবার খাওয়ার দিকে নজর দিতে হবে।

২. রক্তচাপ কমে গেলে অনেকেই ডায়াবিটিস ভেবে ভুল করেন। দীর্ঘ সময় না খেয়ে থাকলেও, এমন হতে পারে। শরীর যদি সঠিক পুষ্টি না পায়, তাহলেও এমন হয়ে থাকে। তাই নিয়ম মেনে সময় মতো খাবার খাওয়া জরুরি। পুষ্টিসমৃদ্ধ খাবার না খেলে শরীরে হরমোনের ভারসাম্যও নষ্ট হতে পারে।

৩. ডায়েটে অনেকেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান না। আবার অজান্তেই খাবারে ফাইবারের পরিমাণ কমে যায়। যার জেরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়া কোষ্ঠকাঠিন্য দেখা দিলে বুঝতে হবে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়েছে।

 ৪. নানা রকম শারীরিক সমস্যারর ক্ষেত্রে চুল ঝরে পড়াও একটি সাধারণ উপসর্গ। ঠিক করে খাওয়াদাওয়া না করলে এবং শরীরে যদি পর্যাপ্ত প্রোটিন না যায়, তাহলেও চুল পড়তে পারে। যদি দেখেন যে শরীর অন্য সে রকম কোনো অসুস্থতার লক্ষণ নেই, শুধুই চুল পড়ছে, তা হলে বুঝতে হবে অপুষ্টির জন্যই এমন হচ্ছে।