তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। অস্থির হয়ে ওঠেছে জনজীবন। এই গরমে একটু স্বস্তি এনে দিতে পারে মৌসুমি ফল তরমুজ। দিনভর এই তীব্র তাপদাহ থেকে বাঁচতে প্রাণ জুড়াতে তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ৩ পানীয়।
চলুন জেনে নেওয়া যাক।
তরমুজের মোহিতো
অর্ধেক লেবু কুচি, কিউব করে কাটা ও বিচি ছাড়ানো তরমুজ, পুদিনা পাতা ও প্রয়োজন মতো চিনি একসঙ্গে হামানদিস্তায় ভালো করে থেঁতো করে করে নিতে হবে। পরে একটি গ্লাসে দুই স্লাইস লেবু ও বরফের টুকরা নিন। এবার তরমুজের মিশ্রণ থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিন গ্লাসে। গ্লাসের অর্ধেকের বেশি ভরে গেলে সেভেন আপ বা স্প্রাইট দিয়ে বাকিটুকু ভরে ফেলুন। কয়েকটি তরমুজের টুকরা দিয়ে পরিবেশন করুন তরমুজ দিয়ে তৈরি ঠান্ডা মোহিতো।
মোহাব্বতের শরবত
এটি বানানো একদম সহজ। প্রথমেই জ্বাল দেওয়া আধা লিটার দুধ ঠান্ডা করে এর সঙ্গে ৩ টেবিল চামচ রুহ আফজা, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক, ১ টেবিল চামচ গোলাপজল ও কয়েকটি বরফের টুকরা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিন। পরে এক ফালি তরমুজ একদম ছোট টুকরা করে কেটে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
তরমুজের লেমোনেড
তিন কাপ তরমুজের টুকরা নিয়ে বিচি ছাড়িয়ে নিন। পরে আধা কাপ চিনি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ছেঁকে নিন। আধা কাপ লেবুর রস ও ১ কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন ছেঁকে নেওয়া রসের সঙ্গে। কয়েকটি পুদিনা পাতার কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। গ্লাসে বরফ ও লেবুর স্লাইস দিয়ে ঢেলে পরিবেশন করুন তরমুজের ঠান্ডা লেমোনেড।