রাতে চিয়া বীজ খেলে কী হয়?

ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর থাকে চিয়া বীজ। নিয়মিত চিয়া বীজ খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকিও কমে যায়। বেশিরভাগ সময় সকালের দিকেই এই চিয়া বীজ খাওয়া হয়। তবে রাতে ঘুমানোর আগেও কিন্তু নিশ্চিন্তে চিয়া বীজ খেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক রাতের বেলা চিয়া সিড খেলে কি উপকার পাবেন।

  • চিয়া বীজে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। রাতে খেলে সকালের মধ্যে হজম হয়ে যাবে খাবার। এর ফাইবার অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়াগুলোকেও শক্তি জোগায়।
  • ভেজানো চিয়া বীজ পানিতে ফুলে ওঠে। এগুলো সারা রাত হাইড্রেটেড রাখতে সাহায্য করতে পারে। এছাড়াও চিয়া বীজ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাসিয়ামের মতো ইলেক্ট্রোলাইট সরবরাহ করে, যা সঠিক তরল ভারসাম্য বজায় রাখে এবং রাতের বেলায় পেট ফাঁপাও প্রতিরোধ করতে পারে।
  • অনেকেরই রাতে ক্ষুধা পায়। ফলে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়া হয় ও ওজন বাড়ে। চিয়া বীজের জেলের মতো ঘনত্ব এবং ফাইবারের পরিমাণ পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট। রাতে অতিরিক্ত খাবার খাওয়া রোধ করতে এই চিয়া বীজ খেতে পারেন। এ বীজের প্রোটিন তৃপ্তি বাড়ায় এবং শক্তি স্থিতিশীল রাখতে সাহায্য করে।
  • চিয়া বীজে ট্রিপটোফ্যান থাকে। এটি একটি অ্যামিনো অ্যাসিড যা শরীরকে সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে। এগুলো উভয়ই রাতের ভালো ঘুমের জন্য অপরিহার্য। ঘুমানোর আগে এক গ্লাস চিয়া বীজের পানি খেয়ে নিন। শান্ত হবে শরীর ও মন। 
  • চিয়া বীজে ওমেগা-৩, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রোটিন থাকে, যা শরীর বিশ্রাম নেওয়ার সময় পেশী মেরামতে সহায়তা করতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উচ্চ পরিমাণ পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া