আম খেলে কি সত্যিই ঘুম পায়

পাকা আমের মৌসুম চলছে। বাড়িতে বাড়িতে তাই পাকা আমের ঘ্রাণ। রসালো এই ফল স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণে অনন্য। আম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। কিন্তু আম খাওয়ার পর অনেকেরই হালকা ঝিমুনি ভাব আসে বা ঘুম ঘুম অনুভূত হয়। আম খাওয়ার পর এমন হয় কেন, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে।

চলুন জেনে নেওয়া যাক পাকা আম খেলে কি আসলেই ঘুম আসে?

পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড, যা নিদ্রাকর্ষক রাসায়নিক হিসেবে কাজ করে। এছাড়াও আমে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন আর মিনারেল, যা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। পুষ্টিবিদদের মতে, এই ইনসুলিন শরীরে অধিক পরিমাণে ট্রিপটোফ্যান মস্তিষ্কে চালনা করে। ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যান থেকে অনেক নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়, যার ভেতরে সেরোটোনিন অন্যতম। আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটি নিউরোট্রান্সমিটার। এর উপস্তিতি মস্তিষ্ক শীতল ও শান্ত করে। ফলে ধীরে ধীরে শরীর নিস্তেজ হতে শুরু করে। আর তাই শরীর এলিয়ে বিছানায় বা সোফায় পড়ে থাকতে ইচ্ছে করে।

পুষ্টিবিদরা আরও জানান, শরীরে বেশি পরিমাণ ইনসুলিন নিঃসরণের অন্যতম একটি কারণ হলো আমে বিদ্যমান কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। ফলে যত বেশি আম খাওয়া হয়, ইনসুলিনের পরিমাণ ততই বৃদ্ধি পায় আর সেরাটোনিনও বাড়তে থাকে। এ কারণেই আম খেলে ঘুম আসে।

আর বিশেষ করে রাতে ঘুমানোর আগে আম খেলে ঘুম ঘুম ভাব আরও প্রবল হয়ে ওঠে।

এছাড়াও পাকা আমে ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও পর্যাপ্ত পরিমাণে মিনারেলস থাকে। ম্যাগনেশিয়াম স্নায়ু উত্তেজনা হ্রাস করতে সক্ষম এবং পেশি শিথিল করে। পটাশিয়ামও প্রাকৃতিক পেশি শিথিলকারী। আর এতে আম খেলে শরীরে একধরনের প্রশান্তি ভাব আসে। আরামবোধ হওয়ার কারণে অনেকেরই এসময় ঘুম চলে আসে।