সুখ-দুঃখ মিলিয়েই মানুষের জীবন। এই ছোট জীবনে প্রেম, দাম্পত্য বা যেকোনো সম্পর্কেই দেখা দেয় ছোট-বড় সমস্যা। কখনও ভুল বোঝাবুঝি, কখনও মতবিরোধ- আর তার প্রকাশ ঘটে ঝগড়ার মাধ্যমে। তবে যদি সত্যিই একে অপরকে ভালোবাসেন এবং আজীবন একসঙ্গে থাকতে চান, তবে ঝগড়া নয় বরং ঠান্ডা মাথায় সমাধানের দিকে এগোনো উচিত।
সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশেষজ্ঞরাও বলেন, “ঝগড়া নয়, সমঝোতা আর বোঝাপড়াই হলো মূল চাবিকাঠি।” কিন্তু কীভাবে করবেন তা? জেনে নিন পাঁচটি বাস্তব ও কার্যকর উপায় সম্পর্কে-
নিজেকে শান্ত রাখুন- ঝগড়ার সময় রাগ সামলানো কঠিন হলেও, মনে রাখবেন দুইজন একসঙ্গে রেগে গেলে সমাধান কখনওই সম্ভব নয়। আপনার সঙ্গী যতই রেগে থাকুক, আপনি শান্ত থাকুন। এতে সঙ্গীও বুঝবে যে সে বাড়াবাড়ি করছে এবং পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসবে।
সমস্যাকে এড়িয়ে যাবেন না- ঝগড়া হলে অনেকেই ভাবেন “থাক, এখন কিছু বলবো না”। কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। বরং পরে আবার একই বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে। তাই ঠান্ডা মাথায়, যুক্তি দিয়ে বিষয়টি সমাধান করুন। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই।
ঝগড়াকে কখনও বড় হতে দেবেন না- ঝগড়া নিজে থেকে কখনও থামে না। বরং চেষ্টা না করলে তা শুধু বড় হতে থাকে। তাই বিষয়টি যত ছোটই হোক, প্রথমেই সমাধানের চেষ্টা করুন। এতে আপনার সম্মান কমবে না, বরং আপনার পরিপক্বতা সঙ্গীর চোখে আরও বেড়ে যাবে।
ইগো দূরে রাখুন, কাছে যান- অনেকেই বলেন, “ও ভুল করেছে, আমি কেন কাছে যাব?”– এই “ইগো” সম্পর্ক নষ্টের বড় কারণ। ঝগড়ার পর দূরত্ব তৈরি না করে বরং সঙ্গীর কাছে যান, তার হাত ধরুন, মৃদু কণ্ঠে বলুন, “সরি”। দেখবেন মুহূর্তেই রাগ ও অভিমান গলে যাবে।
ভালোবাসা প্রকাশ করুন- ঝগড়ার পর ভালোবাসার প্রকাশ সম্পর্ককে আরও দৃঢ় করে। সঙ্গীকে জানান যে আপনি তাকে ভালোবাসেন, এবং ঝগড়া হলেও সেই ভালোবাসা কমবে না।
শেষ কথা
ঝগড়া যেকোনো সম্পর্কেই হয়। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে, ভালোবাসাকে গভীর করতে প্রয়োজন বোঝাপড়া ও ধৈর্য। মনে রাখবেন, জিততে নয়, একসাথে থাকার জন্যই সম্পর্ক। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।