ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু নিকোটিনের তীব্র টান থেকে মুক্ত থাকা সত্যিই কঠিন। ধূমপান শুধু একজন ধূমপায়ীর শরীরেই ক্ষতি করে না, আশেপাশের মানুষদেরও ভয়ংকরভাবে প্রভাবিত করে। ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোকসহ অনেক প্রাণঘাতী রোগের মূল উৎস এই তামাক। তাই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের প্রতিও বড় দায়িত্ববোধের প্রকাশ। এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আপনার দীর্ঘমেয়াদি সুস্থতা, মানসিক শান্তি এবং সুন্দর জীবনের পথ খুলে দিতে পারে।
জেনে নিন ধূমপান ছাড়ার ১০টি সহজ ও কার্যকর উপায়
১. ধীরে ধীরে কমান
হঠাৎ পুরোপুরি ছেড়ে দিতে না পারলে দিনে এক-দুটি কমান। যেমন, সকালে ওঠার পর ধূমপান বাদ দিন। কিছুদিন পর দুপুরের ধূমপান বাদ দিন। এভাবে ধাপে ধাপে ছাড়লে চাপ কমবে এবং সফল হওয়ার সম্ভাবনা বাড়বে।
২. আপনার ট্রিগারগুলো চিহ্নিত করুন
কোন সময়, মানুষ বা পরিস্থিতিতে আপনার ধূমণেনের ইচ্ছা জাগে তা লিখে রাখুন। যেমন, চা-বিরতিতে ধূমপান - তখন বিকল্প কিছু করুন, যেমন পানি পান করুন বা কিছুক্ষণ হাঁটুন।
৩. নিজেকে ব্যস্ত রাখুন
ক্রেভিং সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয়। তখন ১০ মিনিট হাঁটুন, ফোনে কারও সঙ্গে কথা বলুন, বা আপনার পছন্দের গান শুনুন। দেখবেন ইচ্ছেটা কেটে যাবে।
৪. মুখের জন্য বিকল্প খুঁজুন
চুইংগাম, মিন্ট, বাদাম, কাঁচা গাজর বা সূর্যমুখীর বীজ খেতে পারেন। এতে মুখের ব্যস্ততা থাকবে এবং ধূমপানের ইচ্ছা কমবে।
৫. ‘শুধু একবার’ বলবেন না
অনেকে ভাবে, ‘শুধু একটা খাব’। এটি আপনার সব প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে। ক্রেভিং হলে নিকোটিন গাম বা লজেন্স ব্যবহার করুন।
৬. হালকা শরীরচর্চা করুন
ধূমপান ছাড়ার সময়ে রাগ বা দুশ্চিন্তা বেড়ে যায়। দিনে কয়েকবার ১০ মিনিট করে হাঁটুন বা স্ট্রেচিং করুন। এতে মন হালকা হবে।
৭. স্ট্রেস কমানোর নতুন উপায় শিখুন
যদি ধূমপান আপনার স্ট্রেস কমানোর একমাত্র উপায় হয়, তবে মেডিটেশন, গভীর শ্বাস, হালকা গান শোনা বা বন্ধুর সঙ্গে গল্প করাও হতে পারে ভালো বিকল্প।
৮. সাপোর্ট সিস্টেম গড়ুন
পরিবার, বন্ধু, অনলাইন গ্রুপ বা কাউন্সেলরের সাহায্য নিন। গবেষণায় দেখা যায়, ওষুধ ও কাউন্সেলিং একসঙ্গে ব্যবহার করলে সাফল্যের হার কয়েকগুণ বেড়ে যায়।
৯. সঞ্চয়ের হিসাব রাখুন
ধূমপান শুধু স্বাস্থ্য নয়, আপনার অর্থনীতিরও ক্ষতি করছে। যে টাকা ধূমপানে খরচ হতো, তা আলাদা করে রাখুন। মাস শেষে নিজেকে সুন্দর কোনো কিছু উপহার দিন।
১০. মনে রাখুন, কেন ছাড়ছেন
লিখে রাখুন -
• আমি সুস্থ থাকতে চাই
• আমি পরিবারকে সুরক্ষা দিতে চাই
• আমি টাকা বাঁচাতে চাই
প্রতিদিন এই কথাগুলো পড়ুন। মনে রাখবেন, একেকটি ‘না’ আপনাকে ধূমপানমুক্ত জীবনের আরও একধাপ কাছে নিয়ে যায়।