প্রেমের যত রকমফের

প্রেম একটি ছোট শব্দ, কিন্তু এর অর্থ অসীম। কারও কাছে প্রেম মানে এক গভীর অনুভূতি, যেখানে থাকে বন্ধুত্ব, কমিটমেন্ট, আস্থা ও নিরাপত্তা। বিশেষ করে দীর্ঘমেয়াদী সম্পর্কে প্রেম মানে শুধু রোম্যান্স নয়, বরং সম্মান, ধৈর্য, ত্যাগ, এবং একে অপরকে পুরোপুরি মেনে নেওয়া। তবে বাস্তব জীবনে প্রেমের রূপ অনেক। চলুন একনজরে জেনে নিই:

প্রথম দেখায় প্রেম- প্রথম দেখাতেই চোখে চোখে কথা বলা, মন দেওয়া। বিশেষজ্ঞদের মতে, এতে পুরুষরাই বেশি আক্রান্ত হন। তবে বাস্তবে এ প্রেম একতরফা হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় তৃতীয় পক্ষের (বন্ধু, আত্মীয়) সাহায্য লাগে মনের কথা পৌঁছাতে।

বন্ধুত্ব থেকে প্রেম- প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। তবে একতরফা হলে সেই বন্ধুত্বও হারানোর আশঙ্কা থাকে। অনেকে মেনে নিতে পারেন না, বিশেষ করে মেয়েরা।

বিবাহোত্তর প্রেম- বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে থাকা প্রেম। প্রথম কয়েক মাসে তীব্র থাকে, পরে সময়ের সঙ্গে রূপ পরিবর্তন হয়। কখনো তা দায়িত্বে, কখনো স্নেহে, কখনো ভালোবাসার অন্যরূপে।

অপরিণত প্রেম- স্কুলজীবনের প্রেম। মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। যদিও ছেলেরাও পিছিয়ে নেই। এ প্রেমে ভালোবাসা থাকে, পরিণতি সচরাচর হয় না।

কর্মক্ষেত্রের প্রেম- অফিসে সহকর্মীর সঙ্গে প্রেম। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে বেশি দেখা যায়। কাজের চাপ, দীর্ঘ সময় একসাথে থাকা সম্পর্ক গড়তে সাহায্য করে।

ইন্টারনেট প্রেম- সোশ্যাল মিডিয়া, চ্যাটিং, কমেন্ট, মেসেজ- পরিচয় থেকে ভালোবাসা। তবে এতে ফাঁকি দেওয়ার সুযোগও বেশি।

ত্রিভুজ প্রেম- একজনকে দুইজন ভালোবাসা বা একজন দুইজনকে ভালোবাসা। শেষ পর্যন্ত কারও না কারও হৃদয় ভাঙে।

অব্যক্ত প্রেম- ভালোবাসা থেকেও বলা হয় না। হয়তো বন্ধুরূপে কাছে থাকা, কিন্তু মনের কথা অজানা থেকে যাওয়া। আজীবন মনে বেদনা হয়ে থাকে।

সুপ্ত প্রেম- উভয়ের মনের কথা এক হলেও কেউ প্রকাশ করে না। সবকিছু থেকেও যেন কিছুই নেই।

চুক্তিবদ্ধ প্রেম- সমঝোতা ভিত্তিক সম্পর্ক। বিশেষ প্রেমের আবেগ না থাকলেও সুবিধা, পরিবার বা সামাজিক কারণে সম্পর্ক টিকে থাকে।

অসাম্প্রদায়িক প্রেম- দুই ধর্ম বা সম্প্রদায়ের মানুষের প্রেম। সমাজে এখনো এর গ্রহণযোগ্যতা পুরোপুরি আসেনি। বিশেষত হিন্দু-মুসলিম প্রেমে বেশি বিতর্ক হয়।

“আজো তোমায় ভালোবাসি” প্রেম- বিচ্ছেদ হলেও ভালোবাসা রয়ে যায়। হয়তো আলাদা পথ, তবুও হৃদয়ের টান শেষ হয় না। মেঘদলের গানের মতো, “তুমি আঁকছো রঙিন ব্যথার সবুজ অবাক জাদুকর। গোলাপ তোমার নাম রেখেছি আমার  জন্মান্তর।“

ব্যর্থ প্রেম- প্রস্তাব প্রত্যাখ্যানেই এর সমাপ্তি। বিশেষজ্ঞদের মতে, ব্যর্থ প্রেমিকের সংখ্যা প্রেমিকাদের তুলনায় বেশি।

প্রেমের সংজ্ঞা প্রতিদিন বদলায়। কখনও তা সুখ, কখনও তা দুঃখ, আবার কখনও জীবনবদলের গল্প। আপনি কোন স্তরে আছেন? ভালোবাসা থাকুক সুন্দর, সৎ এবং সম্মানজনক তবে মনে রাখতে হবে প্রেম চলে অবেগে জীবন চলে বিবেকে ।